বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮

ভোট দিলেন নতুন ভোটার শারীরিক প্রতিবন্ধী তৌকির

ছবি : বাসস

মাদারীপুর, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় মাদারীপুর পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করলেন শারীরিক প্রতিবন্ধী নতুন ভোটার মুনতাসির রহমান তৌকির। 

ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমি আমার আব্বার সাথে জীবনের প্রথমবার শান্তিপূর্ণভাবে কোনো ঝামেলা ছাড়া ভোট দিতে আসলাম। এর আগে একবার এসেছিলাম, কিন্তু ভোট দিতে পারিনি। পরে বাসায় চলে গেছিলাম। আজ ভোট দিতে পেরে অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, ভোটটা দিতে পারছি।”

তৌকির স্থানীয় স্কুল শিক্ষক মিজানুর রহমানের ছেলে। কেন্দ্রে এসে তিনি স্বাভাবিক পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে প্রশাসনের কড়া নজরদারিতে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের ৩৮১টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এর মধ্যে ২৪৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিনটি আসনে মোট ১১ লাখ ৪৮ হাজার ৩৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন, পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। গত সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ৮১ হাজার ৮৯৭ জন। তিনটি আসনে মোট ২৫ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাসসকে জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারেন।