শিরোনাম

মুন্সীগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট পেপারসহ মুন্সীগঞ্জে নির্বাচনি সরঞ্জামাদি বিতরণ আজ শুরু হয়েছে। আজকের মধ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি পৌঁছে যাবে।
বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে নির্বাচনের ব্যালট পেপারসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ গ্রহণ করছেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের মধ্যে শুধু সদর উপজেলার ১১৭টি কেদ্রের মালামাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মালামাল গ্রহণ করছেন। সাথে থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
মুন্সীগঞ্জ-৩ আসনের সহকারি রিটানির্ং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান আজকের মধ্যে প্রত্যকটি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পৌঁছে যাবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার জন্য সাথে পুলিশসহ আনসার সদস্য থাকছেন। ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুন্সীগঞ্জ-৩ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরা হচ্ছেন মো. কামরুজ্জামান (বিএনপি), শেখ মো. কামাল হোসেন (বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি), মো. সুমন দেওয়ান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আনিস মোল্লা (বাংলাদেশ লেবার পার্টি), নুর হোসাইন নুরানী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. মহিউদ্দিন (স্বতন্ত্র), মো. আরিফুজ্জামান দিদার (জাতীয় পার্টি) এবং শেখ মো. শিমুল (বিপ্লবী ওয়ার্কাস পার্টি)। সদর উপজেলার মোট ভোটার রয়েছে ৩ লক্ষ ৫৪ হাজার ৪৬৩ জন।