শিরোনাম

খুলনা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামীকালের সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও ভয়হীন পরিবেশে সম্পন্ন করতে খুলনায় নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, যৌথবাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থার দফায় দফায় ম্যারাথন বৈঠক চলছে।
এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ৫৫ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল খুলনায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগদান করেন।
সদর ব্যাটলিয়ন ১৭ বীর এর কনফারেন্স রুমে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের একজন প্রতিনিধির সঙ্গে তিনি বৈঠক করেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনএস তিতুমীর, খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল এ, কে এম জাকির হোসেন (এন), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন।
গুরুত্বপূর্ণ এ বৈঠকে তারা কিভাবে কাজ করলে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায় সে বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় করে কিভাবে আরো জোরদার কাজ করা যায় সে বিষয়ে জানতে চান। কেএমপি কমিশনার কোনো কেন্দ্রে আইনশৃঙ্খলার অবনতি হলে সেনাবাহিনী ও নৌবাহিনীর টহল টিম পুলিশের অনুরোধে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে যেন সহযোগিতা করে সে বিষয়ে জিওসি এবং খুলনা নৌ অঞ্চালের কমান্ডারকে অনুরোধ করেন।
এছাড়া জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আ. স. ম. জামসেদ খোন্দকার আজ বুধবার বিভিন্ন বৈঠকে দিক নির্দেশনা দিচ্ছেন। সব মিলিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তর ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচনের নিরাপত্তা ঘিরে।