বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত

বগুড়া, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলার শাজাহানপুরে মহাসড়ক পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৫৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার মাঝিড়া স্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন মাঝিড়া লেকপাড় এলাকার বাসিন্দা। তিনি সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, সকালে মহাসড়ক পার হওয়ার সময় একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মকবুল হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।