শিরোনাম

মাদারীপুর, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত হয়ে ব্যালট পেপার, সিল, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম গ্রহণ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় এসব সরঞ্জাম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হয়।
মাদারীপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বাসসকে জানান, সকাল থেকে পর্যায়ক্রমে সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৫৭টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ জন এবং হিজড়া ভোটার ১২ জন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী পুলিশ, ৩ জন নিরস্ত্র আনসার ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সাধারণ কেন্দ্রে থাকবেন ২ জন নিরস্ত্র পুলিশ, ২ জন নিরস্ত্র আনসার এবং ১১ জন লাঠিধারী আনসার সদস্য।
এছাড়া জেলায় প্রায় ৬০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ১০০ জন করে এবং সদর উপজেলায় ২০০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও অর্ধশত র্যাব সদস্য মাঠে থাকবেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ২৪ জন। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ১০ জন রয়েছেন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন।