শিরোনাম

পঞ্চগড়, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে ভোটগ্রহণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এ লক্ষ্যে নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।
আজ বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, কালি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা সদরের ৭৮টি ভোটকেন্দ্রের সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে সকাল থেকেই দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের উপস্থিত হতে দেখা যায়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে মোট ২৯টি কেন্দ্রকে বিশেষ গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ২৫৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। এ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৫৫টি।
পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৩১টি।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় বিজিবির ৮৫০ জন, সেনাবাহিনীর ৮০০ জন, পুলিশের ১ হাজার ২০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
এছাড়া ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। আনসার ব্যাটালিয়নের ৭৮ জন সদস্যের পাশাপাশি প্রতি কেন্দ্রে ১৩ জন করে মোট ৩ হাজার ৭৩১ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা আরো জানান, নির্ধারিত সময় অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।