বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫

রংপুরে ১১ মামলার আসামি গ্রেপ্তার

রংপুর, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুর মহানগরের কোতয়ালী থানার বিশেষ অভিযানে অস্ত্র ও চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি মো. আনাছকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১০টার দিকে নগরের স্টেশন বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের নির্দেশনায় নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্টেশন বাবুপাড়া এলাকা থেকে মো. আনাছকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা জান আলী জানান, গ্রেপ্তার আনাছের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১১টি মামলা রয়েছে। সিডিএমএস পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, অপরাধ দমনে কোতয়ালী থানা এলাকায় নিয়মিত চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী অভিযান ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে দিবা ও নৈশ মোবাইল টহল এবং ফুট পেট্রোল ডিউটি জোরদার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এসব কার্যক্রম চলমান থাকবে।