বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪

মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। অপর এক অভিযানে নৌ ডাকাত গ্রুপের সোর্স জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত জামাল গুয়াগাছিয়া এলাকার মৃত শহীদ ঢালীর ছেলে।

গজারিয়ার আর্মি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার গুয়াগাছিয়ায় অভিযান পরিচালনা করে। এ সময় নৌ-ডাকাত আক্তার হোসেনের ছেলে রিয়াজের বাসা থেকে অবৈধ ১টি দেশীয় শর্টগান, ৩ রাউন্ড গুলি, ৯টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 

অপর এক অভিযানে নয়ন পিয়াস ডাকাত দলের সোর্স জামাল হেসেনকে গ্রেপ্তার করা হয়। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সাব্বির হোসেন জানান, গ্রেপ্তার জামালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।