শিরোনাম

বগুড়া, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার নন্দীগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম উপজেলার তেঁতুলিয়াগাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুস ছালাম (৩০), একই এলাকার আব্দুস ছাত্তারের পুত্র আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামের আবু মুসার পুত্র পারভেজ (২৫)।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিন। অভিযানের সময় প্রথমে আব্দুস ছালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাকে সাথে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চায়নিজ পিস্তল ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় বাড়ি থেকে আরও ৩৫টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
লেফটেন্যান্ট ফাতিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গ্রেফতারকৃত ব্যক্তিদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।