বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫২

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কক্সবাজারে ৫৯৮টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা 

ছবি : বাসস

কক্সবাজার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার জেলার ৫৯৮টি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

ইতিমধ্যে কক্সবাজার জেলায় সবগুলো ভোটকেন্দ্রে সিসিটিভি বসানোর কাজ শেষ হয়েছে।

প্রতিটি ভোট কেন্দ্রের জন্য ছয়টি ক্যামেরা বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। ছয়টি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরা স্থাপন করা হয়েছে প্রিসাইডিং অফিসারের কক্ষে। দুইটি ক্যামেরা সহকারি প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের কক্ষে। তিনটি ক্যামেরা ভোট কেন্দ্রের সম্মুখভাগ এবং পিছনে।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে সকল প্রস্তুতি সম্পন্ন করা দরকার নির্বাচন কমিশন ইতোমধ্যে শতভাগ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মো. আ. আজিজ।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সারাদেশের মতো কক্সবাজারেও ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সমূহের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের আওতায় নির্বাচন কমিশনকে সিসিটিভি স্থাপনের জন্য বরাদ্দ দেয়া হয়। 

এদিকে জেলা প্রশাসক কক্সবাজার ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান মঙ্গলবার সকালে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিসিটিভি ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

এসময় মো. আ. মান্নান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার জেলার ৫৯৮ টি ভোটকেন্দ্রের সবগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (সহকারী রিটার্নিং অফিসার) এর কার্যালয় থেকে উপজেলা কমান্ড সেন্টার প্রতিটি ভোট কেন্দ্রের সিসিটিভি পর্যবেক্ষণ করতে সক্ষম।

উল্লেখ্য, কক্সবাজার চারটি সংসদীয় আসনে ১২ ফেব্রুয়ারি সর্বমোট ১৮ লাখ ৪৯ হাজার ৯৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।