বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩০

গাজীপুরে ভোট দিতে কর্মজীবী মানুষ উৎসবের আমেজে বাড়ি ফিরছে

ছবি : সংগৃহীত

গাজীপুর, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট দিতে গাজীপুর শিল্পাঞ্চলে আজ মঙ্গলবার থেকে সাধারণ ছুটি ঘোষণার ফলে হাজার হাজার শ্রমিক ও কর্মজীবী মানুষ ব্যাপক উৎসবের আমেজে গ্রামে ফিরছে। একসাথে বিপুল সংখ্যক মানুষ বের হওয়ায় বাস ও ট্রেনে তীব্র চাপ বাড়ছে। আজ ভোর থেকে বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে নামে জনস্রোত। অতিরিক্ত যাত্রীর চাপে তৈরি হয় বাস সংকট এবং ট্রেনগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়।

মঙ্গলবার সকালে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা, মালেকের বাড়ি, ভোগড়া, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজ  গেট ও টঙ্গী কলেজ গেট গিয়ে দেখা যায়, অসংখ্য যাত্রী বাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। ময়মনসিংহের বাসিন্দা গার্মেন্ট শ্রমিক আবু তাহের জানান, পরিবার নিয়ে ভোট দিতে গ্রামে যাচ্ছেন। আগের তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি। তিনি বলেন, ‘এবার ভোট দেয়ার আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি। দীর্ঘ সময় অপেক্ষা করে বাস না পেয়ে কষ্ট হচ্ছে। তবে এবার গ্রামে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো বলে আশা করছি।’

এদিকে গাজীপুর রেলস্টেশনে গিয়েও একই চিত্র দেখা গেছে। ট্রেনের বগিতে দাঁড়ানোর জায়গা নেই, ছাদেও যাত্রীরা গাদাগাদি করে বসেছেন। জয়দেবপুর রেল স্টেশনে কথা হয় জামালপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আলমাস হোসেনের সাথে। তিনি বলেন, মানুষ ভোট দিতে ঈদের মতোই দল বেঁধে বাড়ি ফিরছে। রেল স্টেশনে আসার পর বোঝা যায় নির্বাচনের আমেজ কতটা তীব্র।