শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ১০ ফেব্রুয়ারি, ২০২৬(বাসস) : জেলায় পুকুর সেচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
আজ মঙ্গলবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুরে এই অভিযান চালানো হয়। শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেচে তল্লাশি চালানো হয়।
সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকে টানা প্রায় ছয় ঘণ্টা ধরে পুকুরে অভিযান চালায় র্যাব। অভিযানের একপর্যায়ে সাদা বস্তা ও স্কচ টেপে মোড়ানো বেশ কয়েকটি পিস্তল ও বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া দুইটি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ ধারালো অস্ত্রও পাওয়া গেছে।
মেজর বলেন, আমরা বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছি। র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।