শিরোনাম

পিরোজপুর, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার নাজিরপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ রোববার ভোর ৫ টায় নাজিরপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে উপজেলার জয়পুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয় থানার পুলিশ সদস্যরা তাদের সাথে ছিলেন।
নাজিরপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানকালে উপজেলার ৮নং শ্রীরামকাঠি ইউনিয়নের জয়পুর (কালিবাড়ি বাজার সংলগ্ন) এলাকার মৃত দেবেন মালী’র পুত্র শুকলাল মালী (৫৫) ও একই গ্রামের মৃত নগেন্দ্রনাথ বেপারীর পুত্র শিপুল বেপারীর (৩২) বসতবাড়িতে বিশেষ তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ৭৯২ গ্রাম গাঁজা, ১ লাখ ৯৩ হাজার টাকা, ২টি স্মার্টফোন, ১ টি ডিজিটাল মিটার ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত সকল আলামতসহ আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।