শিরোনাম

কুষ্টিয়া, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার দৌলতপুর উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানকালে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসময় একব্যক্তিকে আটক করা হয়েছে।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২৫ হাজার টাকা।
আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্রে জানা যায়, আজ রোববার ভোরে দৌলতপুর উপজেলার জয়পুর এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ মো. লিটন আলী (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত লিটন আলী দৌলতপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত এলাহি মণ্ডলের ছেলে।
এছাড়া কাজীপুর ও চরচিলমারী বিওপির আওতাধীন এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় হেরোইন, মদ, চকলেট বাজি ও ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ২৫ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। জব্দকৃত মালামাল আইনানুগভাবে নিষ্পত্তির কার্যক্রম চলছে।