শিরোনাম

নোয়াখালী, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ অবৈধভাবে আবাদযোগ্য জমির মাটি (টপসয়েল) উত্তোলনের দায়ে একব্যক্তিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একটি এস্কেভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়েছে।
আজ শনিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মিয়াজীবাড়ির সামনে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালতের টহল চলাকালে দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মিয়াজীবাড়ির সামনে আবাদযোগ্য কৃষি জমি থেকে মাটিকাটার অভিযোগ পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
এ ঘটনায় ওই এলাকার বাসিন্দা তরিকুল্লাহ (৭৫)-কে ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থল থেকে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।