বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৩

প্রথম ভোটের অন্যরকম অনুভূতি

ছবি: বাসস

খুলনা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলাকালীন সময়ে জীবনে প্রথমবারের মতো ভোট দিয়ে অনেকেই স্মৃতি হিসেবে ছবি তুলে রেখেছেন, তবে বুথের নয়, ভোট প্রদান শেষে বাইরে এসে একসঙ্গে ছবি তুলেছেন কেউ কেউ। তাদের মধ্যে বিরাজ করেছে এক অন্যরকম অনুভূতি।

একসাথে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-দ্বৈত ভোটের এই দিনে শুধু ব্যালট নয়, কেন্দ্রের বাইরে দেখা গেছে সেলফির ঝলকও। ভোটাধিকার প্রয়োগের পর অনেক তরুণ-তরুণী বন্ধুদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে। স্থানীয়ভাবে এই প্রবণতাকে অনেকে বলছে-‘সেলফিং ট্রেন্ড’। এই চিত্র ছিল আজ বৃহস্পতিবার খুলনার বিভিন্ন কেন্দ্রের।

খুলনা-২ আসনের গোবরচাকা ন্যাশনাল স্কুলের কেন্দ্রে সকাল থেকেই ছিল ভোটারদের ভিড়। ভোট দিয়ে বের হয়ে কলেজ ছাত্র ফাইম (২১), রাতুল (২১) ও ফাহাদ (২৫) বলেন, আজকের দিনটা স্পেশাল। ভোট দিয়েছি, তাই একটা সেলফি তুলে রাখলাম। যাতে এটা স্মৃতি হয়ে থাকবে।

প্রথমবার ভোট দেওয়া ছাত্রী রিমি (১৯) বলেন, আমরা কেন্দ্রের ভেতরে কোনো ছবি তুলিনি। বাইরে বন্ধুদের সঙ্গে একটা ছবি তুলেছি শুধু আনন্দের জন্য।

খুলনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের নতুন ভোটার বিশ্ববিদ্যালয় ছাত্র মো. রাফিউল্লাহ হাওলাদার রাফি বলেন, তিনি ২০২৩ সালে প্রথম ভোটার হয়েছেন। প্রথম ভোট '২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ার ইচ্ছা থাকলেও পরিবেশ না থাকায় দিতে পারেননি। কিন্তু এবার উৎসাহ উদ্দীপনা ও স্বাধীনভাবে ভোট প্রদান করেছেন।

নতুন ভোটার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিসা আনজুম ও তার বান্ধবী উম্মে হালিমা জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে 'আলহামদুলিল্লাহ' বলে আল্লাহর শুকরিয়া আদায় করেন।

তারা বলেন, জীবনের প্রথম ভোট স্বাধীনভাবে নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পেরেছেন। কোন ধরনের ভয়-ভীতি বা চাপ ছিল না।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মামুনুল আবেদীন বাসসকে বলেন, ভোটের গোপনীয়তা রক্ষায় আমরা কঠোর। ভেতরে মোবাইল ব্যবহার করা যাবে না। বাইরে ব্যক্তিগতভাবে ছবি তোলার বিষয়টি আলাদা।