বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩

চট্টগ্রামে চলছে ভোট গণনা, জেলা প্রশাসকের কৃতজ্ঞতা

ছবি: বাসস

চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল সাড়ে ৪টার পরপরই বিভিন্ন ভোটকেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয়েছে।

বিশৃঙ্খলাহীন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ায় ভোটার ও ভোটগ্রহণ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এর আগে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ চলে। দু’একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ পাওয়া গেছে। তবে মহানগরী ও জেলার কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

এদিকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

জেলা প্রশাসক বলেন, সকাল থেকে আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও কর্ণফুলীসহ বিভিন্ন এলাকায় একাধিক কেন্দ্র পরিদর্শন করেছি। প্রতিটি কেন্দ্রে সন্তোষজনক উপস্থিতি ছিল। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অভিভূত করেছে। অনেক ভোটার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সন্তোষ প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন তিনি ।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘যাদের কেন্দ্র করে আমাদের সব আয়োজন, সেই সম্মানিত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসেছেন। রিটার্নিং কর্মকর্তা হিসেবে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ভোটাররা সহযোগিতা করেছেন বলেও তিনি জানান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) মোস্তাক আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।