বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩

ভোটকেন্দ্রে তরুণদের উচ্ছ্বাস, প্রথম ভোট ঘিরে সেলফির হাসি

ভোটকেন্দ্রের বাইরে দেখা গেছে নতুন ভোটারদের উচ্ছ্বাস আর সেলফির ঝলক। ছবি : বাসস

খুলনা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : তরুণদের জীবনে প্রথমবারের ভোটে ভোটকেন্দ্রে যেমন ছিল গণতান্ত্রিক সিদ্ধান্তের ছাপ, তেমনি ভোটকেন্দ্রের বাইরে দেখা গেছে নতুন ভোটারদের উচ্ছ্বাস আর সেলফির ঝলক। জীবনের প্রথম ভোট দিতে এসে তরুণ-তরুণীদের মধ্যে ছিল এক অন্যরকম আবেগ, যা তারা ধরে রাখতে চেয়েছেন স্মৃতির ফ্রেমে।

আজ খুলনার বিভিন্ন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে অনেক নতুন ভোটার বন্ধুদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। স্থানীয়ভাবে অনেকে একে বলছেন ‘সেলফিং ট্রেন্ড’। তবে কেন্দ্রের ভেতরে নয়— গোপনীয়তা রক্ষা করে বাইরে এসে তোলা হয়েছে এসব ছবি।

খুলনা-২ আসনের গোবরচাকা ন্যাশনাল স্কুলের কেন্দ্রে সকাল থেকেই ছিল ভোটারদের ভিড়। ভোট দিয়ে বের হয়ে কলেজ ছাত্র ফাইম (২১), রাতুল (২১) ও ফাহাদ (২৫) বলেন, আজকের দিনটা স্পেশাল। ভোট দিয়েছি, তাই একটা সেলফি তুলে রাখলাম। যাতে এটা স্মৃতি হয়ে থাকবে।

প্রথমবার ভোট দেওয়া ছাত্রী রিমি (১৯) বলেন, আমরা কেন্দ্রের ভেতরে কোনো ছবি তুলিনি। বাইরে বন্ধুদের সঙ্গে একটা ছবি তুলেছি শুধু আনন্দের জন্য।

খুলনা পোর্ট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের নতুন ভোটার বিশ্ববিদ্যালয় ছাত্র মো. রাফিউল্লাহ হাওলাদার রাফি বলেন, তিনি ২০২৩ সালে প্রথম ভোটার হয়েছেন। প্রথম ভোট ‘২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ার ইচ্ছা থাকলেও পরিবেশ না থাকায় দিতে পারেননি। কিন্তু এবার উৎসাহ উদ্দীপনা ও স্বাধীনভাবে ভোট প্রদানের স্বাদ লাভ করেছেন।

নতুন ভোটার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিসা আনজুম ও তার বান্ধবী উম্মে হালিমা জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে ‘আলহামদুলিল্লাহ’ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেন।

তারা বলেন, জীবনের প্রথম ভোট স্বাধীনভাবে নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পেরেছেন। কোনো ধরনের ভয়-ভীতি বা চাপ ছিল না।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মামুনুল আবেদীন বলেন, ভোটের গোপনীয়তা রক্ষায় আমরা কঠোর। ভেতরে মোবাইল ব্যবহার করা যাবে না। বাইরে ব্যক্তিগতভাবে ছবি তোলার বিষয়টি আলাদা।