শিরোনাম

পঞ্চগড়, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেকোনো ভাবেই এই গণজোয়ার ধরে রাখতে হবে। খেয়াল রাখবেন কেউ যেন এই গণজোয়ারে বাধা সৃষ্টি করতে না পারে। এই গণজোয়ার ধরে রাখতে পারলে ১১ দলীয় জোটের ক্ষমতায় যাওয়া কেউ রোধ করতে পারবে না।
আজ শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা স্কুল মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে সারজিস বলেন, মনে রাখবেন এই ভোটকেন্দ্রে একেকটি ভোট আমার, আপনার, আমাদের আমানত। যেকোনোভাবেই এই আমানত আমাদের রক্ষা করতে হবে।
সারজিস আলম আরও বলেন, মুখোশধারী তথাকথিত নেতাকর্মীদের চিনে রাখবেন। তারা এক মাসের জন্য ভালো সেজেছে। মানুষ এটাও জানে নির্বাচনের পর তারা আবার আগের চেহারায় ফিরে আসবে। আমাদের একটাই কাজ, আমাদের এই স্বাধীনতাটাকে ধরে রাখা, রক্ষা করা।
এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন, আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, উপজেলা জামায়াতের আমির সফিউল আলম, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ, উপজেলা এনসিপির আহ্বায়ক আরমান আলী খাঁন প্রমুখ।