বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৬

রংপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে ইউরোপ শাখা বিএনপির গণসংযোগ

শুক্রবার রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক মো. শামসুজ্জামান সামুর গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। ছবি: বাসস

রংপুর, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক মো. শামসুজ্জামান সামুর ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গণসংযোগ করেছে ইউরোপ ও স্পেন শাখা বিএনপি নেতৃবৃন্দ।

আজ শুক্রবার বিকেলে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া এলাকায় তারা গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন।

এরপর তারা নগরীর ২০ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

বিএনপি ইউরোপ ইউনিটের নেতা বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার হোসেন শেখ এবং স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জাকিরুল ইসলাম জাকিরের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।

এ সময়, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া ইসলাম জিম এবং রংপুর মহানগর আহ্বায়ক নোমান হাসান ও সদস্য-সচিব নূর হাসান সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুলসহ ইউরোপ ও স্পেন বিএনপি এবং স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সময় ইউরোপ বিএনপি নেতা সারোয়ার হোসেন শেখ বলেন, সারা দেশে বিএনপি এবং ‘ধানের শীষ’এর পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘রংপুরে এসেও আমি ‘ধানের শীষ’-এর গণজোয়ার দেখেছি। রংপুরের মানুষ এবার পরিবর্তনের জন্য তাদের প্রিয় মার্কা ‘ধানের শীষ’কে বিজয়ী করবে বলে আশা করছি। 

স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির বলেন, ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিশাল নির্বাচনী সমাবেশ আবারও প্রমাণ করেছে, রংপুর বিএনপির ঘাঁটি।