বাসস
  ১০ মার্চ ২০২৬, ১২:১৩

হিজবুল্লাহ সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, অভিযোগ সিরিয়ার

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : সিরিয়া জানিয়েছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ রাতভর লেবানন থেকে তাদের এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরাইল ও লেবাননভিত্তিক শিয়া সংগঠন হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত চলছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিরিয়ার সেনা কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা আজ মঙ্গলবার জানিয়েছে, লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দামেস্কের পশ্চিমে সেরঘায়া শহরের কাছে আঘাত হেনেছে। 

সেনাবাহিনী হিজবুল্লাহকে সিরিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেছে। সেনাবাহিনী সংবাদ সংস্থাকে জানিয়েছে, তারা সিরিয়া-লেবানন সীমান্তে হিজবুল্লাহর শক্তিবৃদ্ধি পর্যবেক্ষণ করেছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা’কে দেওয়া এক বিবৃতিতে সিরিয়ার আরব সেনা ঘোষণা করেছে, কোনো ভাবেই সিরিয়াকে লক্ষ্য করে আক্রমণ সহ্য করা হবে না।’

গত সপ্তাহে মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলে আক্রমণ করলে লেবানন মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে।

সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব লেবাননে হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং ইসরাইল রাজধানী বৈরুতসহ লেবানন জুড়ে হামলা চালিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হিজবুল্লাহকে দেশকে ‘ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা’ করার অভিযোগ করেছেন। সংসদীয় দলের প্রধান বলেছেন, তাদের ‘প্রতিরোধ ছাড়া আর কোনো বিকল্প নেই।’