বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪২

যুদ্ধের আবহে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার উত্তাপের মধ্যেই ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের কূটনৈতিক সূত্রের খবরে বলা হয়, দুই দিনের এই সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গেও নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে।

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির ভিডিওতে দেখা যায়, পুতিন নয়াদিল্লির পালাম বিমানঘাঁটিতে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

উল্লেখ্য, ২০১৯ সালের পর এটিই চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের প্রথম ভারত সফর। ২০২০ সালে হিমালয় সীমান্তে দুই দেশের সৈন্যদের প্রাণঘাতী সংঘাতের পর বরফ গলতে শুরু করার ক্ষেত্রে এটিকে সবচেয়ে বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পরমাণু শক্তিধর এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্ক সম্প্রতি আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। ধীরে ধীরে সরাসরি বিমান চলাচল, ভিসা প্রদান এবং উচ্চপর্যায়ের যোগাযোগ চালু হচ্ছে। তবে এখনো পুরোপুরি শঙ্কা কাটেনি; বিতর্কিত সীমান্ত, বিপুল বাণিজ্য ঘাটতি এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা দুই দেশের সম্পর্ককে জটিল করে রেখেছে।

বিশ্বনেতাদের স্বাগত জানাতে নয়াদিল্লির সড়কগুলোতে প্রধানমন্ত্রী মোদির ছবিসংবলিত পোস্টার শোভা পাচ্ছে। রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরের কেন্দ্রীয় এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচলে কড়াকড়ি আরোপ করায় সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ।

পশ্চিমা বিশ্বনিয়ন্ত্রিত সংস্থাগুলোর বিপরীতে উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রভাব বাড়াতে ২০০৯ সালে ব্রিকস গঠিত হয়। পরবর্তীতে ১১ সদস্যের এই জোটে ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়।

তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যের এই তিন নতুন সদস্যের অবস্থান বেশ ভিন্ন।

ভারতের ‘অবজারভার রিসার্চ ফাউন্ডেশন’-এর গবেষণা পরিচালক হর্ষ ভি. পান্ত বলেন, ‘এবারের ব্রিকস সম্মেলনে মধ্যপ্রাচ্যের যুদ্ধই প্রধান বিভাজনের রেখা হয়ে দাঁড়াবে। গত বছর জোট সম্প্রসারণকে যে সাফল্য হিসেবে দেখা হয়েছিল, আজ সেটিই ব্রিকসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

ইরানের প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের এটি প্রথম ভারত সফর। ফলে মধ্যপ্রাচ্য সংকট সম্মেলনে আলাদা গুরুত্ব পাচ্ছে।

গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ শিলান শাহ জানান, ইরান সংঘাত নতুন ব্রিকস জোটের অভ্যন্তরীণ ঐক্যের এক কঠিন পরীক্ষা। গত মে মাসে নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তারা কোনো যৌথ ঘোষণায় পৌঁছাতে পারেননি।

ভারত একদিকে ইরান ও ইসরাইল- উভয় দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখছে, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। তবে চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট সামলাতে দিল্লি কিছুটা রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়া ভারতের অন্যতম বিশ্বস্ত কৌশলগত বন্ধু এবং বড় জ্বালানি সরবরাহকারী হিসেবে কাজ করছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে পুতিন ভারত সফর করেছিলেন। তা ছাড়া চলতি মাসেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মোদির সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে চলতি মাসেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন। সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই যুদ্ধ বন্ধে ভারতের ইতিবাচক ভূমিকার জন্য প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।