শিরোনাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গতকাল শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী পরিদর্শন করেছেন। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শিগগিরই আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘ওই দুই শীর্ষ কর্মকর্তা পারমাণবিক শক্তিচালিত জাহাজটি পরিদর্শন করেছেন।’
উইটকফ তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘বিমানবাহী রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপ ‘আমাদের নিরাপদ রাখছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির বার্তা সমুন্নত রাখছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল শনিবার বলেছেন যে, তিনি আশা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হবে। একই সঙ্গে তিনি যেকোনো মার্কিন হামলার বিরুদ্ধে সতর্ক করেন।’
গত শুক্রবার ওমানে উভয় পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনাকে আরাকচি ‘ভালো সূচনা’ বলে অভিহিত করেন। ট্রাম্পও আলোচনাগুলোকে ‘খুবই ভালো’ বলে বর্ণনা করেছেন।
ইরানে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ দমনের জন্য ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি বৃদ্ধির সাথে সাথে গত জানুয়ারিতে ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে পৌঁছায়।
গত শুক্রবারের আলোচনা ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার পর প্রথম দফা, যা গত বছর ইসরাইলের ইরানের বিরুদ্ধে ভয়াবহ বোমা হামলা চালানোর পর ভেঙে যায়। সেই ঘটনার কারণে ১২ দিনের যুদ্ধের সূত্রপাত হয়।
ওই যুদ্ধের সময় মার্কিন যুদ্ধবিমান ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।