বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৪

দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি ভারত-আফগানিস্তান

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আগামীকাল থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। এনিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে নামছে দু’দল। দিল্লিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

ভারতের মাটিতে খেলা হলেও এবারের সিরিজে আয়োজক আফগানিস্তান। নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত ও দুবাইয়ের মাটিতে বিভিন্ন দেশের বিপক্ষে সিরিজ আয়োজন করে আসছে আফগানরা। এবারই প্রথম ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে কোন দ্বিপাক্ষীক সিরিজ খেলবে আফগানিস্তান। 

এর আগে একবার দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত ও আফগানিস্তান। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটয়াশ হয়েছিল আফগানরা। অবশ্য ঐ সিরিজ আয়োজন করেছিল ভারত।

আফগানিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের সেরা পেসার জসপ্রিত বুমরাহ। গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুর ইনজুরিতে পড়েন বুমরাহ। এরপর থেকে দলের বাইরে আছেন তিনি। এতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করেন তিনি। 

আফগানিস্তান সিরিজ দিয়ে আবারও ভারত দলে ফিরেছেন গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাওয়া সঞ্জু স্যামসন, আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল ও বরুন চক্রবর্তী।

এদিকে ভারত সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন আফগান পেসার নাভিন উল হক। ২০২৪ সালের ডিসেম্বরে ডান কাঁধের ইনজুরিতে পড়েন তিনি। কাঁধের স্ট্রেস ফ্র্যাকচারের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি।

টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইবও। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি।

ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে ইব্রাহিম জাদরানের। গত মার্চে দলের সেরা স্পিনার রশিদ খানের কাছ থেকে দলের নেতৃত্ব পান ইব্রাহিম। 

আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড আফগানিস্তানের স্পিনার রশিদ খানের। ১১৫ ম্যাচে ১৯৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন তিনি। আর মাত্র ৭ উইকেট নিলেই বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ২শ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন রশিদ। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৯বার মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। এরমধ্যে ৮টি জিতেছে টিম ইন্ডিয়া এবং ১টি পরিত্যক্ত হয়। 

আফগানিস্তান : ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নুর রাহমান, সেদিকুল্লাহ আটাল, ডারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মাদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, নুর আহমাদ, মুজিব উর রাহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও নাভিন-উল-হক। 

ভারত : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশি, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিভম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদিপ সিং, ইয়াশ ঠাকুর।