শিরোনাম

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : টেস্টে দ্বিতীয়বারের মত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।
আজ বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। সিরিজের প্রথম দুই টেস্ট যথাক্রমে- ইনিংস ও ১০৩ রানে এবং ১৯৪ রানে জিতেছিল ইংলিশরা। এতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে দ্বিতীয়বারের মত হোয়াইটওয়াশ করল জো রুটের দল। এর আগে ২০২২ সালে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ৩২০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে টেস্ট জয়ের জন্য ১৩০ রানের টার্গেট পায় ইংল্যান্ড।
চতুর্থ দিন রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। ইনিংসের প্রথম বলে বেন ডাকেট এবং ষষ্ঠ বলে এমিলিও গেকে খালি হাতে বিদায় দেন পেসার মোহাম্মদ আব্বাস।
শুরুতেই দুই ওপেনারকে হারানোর পর পাকিস্তান বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন জর্ডান কক্স ও অধিনায়ক জো রুট। তৃতীয় উইকেটে ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন কক্স ও রুট। ৮টি করে চারে কক্স ৫৯ ও রুট ৬২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের আব্বাস ২৭ রানে ২ উইকেট নেন।
ব্যাট হাতে ৬৫ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইংল্যান্ডের ড্যান লরেন্স।
যৌথভাবে সিরিজ সেরা হন ইংল্যান্ডের ওলি রবিনসন ও পাকিস্তানের আব্বাস। সিরিজে রবিনসন ৫৮ রান ও ২১ উইকেট এবং আব্বাস ৮৬ রান ও ১৩ উইকেট শিকার করেন।