বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫

হাসানের ৭ এবং খালেদের ৩ উইকেট শিকারের ম্যাচে হারল কেন্ট

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২এর ৪৫তম ম্যাচে ডার্বিশায়ারের কাছে ১৮১ রানের বড় ব্যবধানে হেরেছে কেন্ট। এ ম্যাচে বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ৭টি ও খালেদ আহমেদ ৩ উইকেট নেন। এই ম্যাচ দিয়ে কাউন্টি অভিষেক হয়েছে খালেদের। 

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে হাসান-খালেদ বোলিং তোপে প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হয় ডার্বিশায়ার। 

হাসান ৩০ রানে ৪টি ও খালেদ ৭৩ রানে ৩টি উইকেট শিকার করেন। 

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১৯ রানে গুটিয়ে যায় কেন্ট। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন বার্টি ফোরম্যান। হাসান ৪ ও খালেদ ১০ রান করেন। 

প্রথম ইনিংসে ৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট হাতে নেমে ৮ উইকেটে ৩৫২ রানে ইনিংস ঘোষণা করে ডার্বিশায়ার। এই ইনিংসে ১৬ ওভারে ৩২ রানে ৩ উইকেট নেন হাসান। তবে ১৮.৪ ওভার বল করে ৬৪ রান দিয়ে উইকেটের দেখা পাননি খালেদ। 

৪৩৪ রানের টার্গেটে খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫২ রানে অলআউট হয় কেন্ট। দশ নম্বরে ব্যাট হাতে নেমে ৪৮ বল খেলে ৯ রান করেন হাসান। ১ রানে অপরাজিত থাকেন খালেদ। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন গ্র্যান্ট স্টুয়ার্ট। 

গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান। 

কাউন্টিতে অভিষেকের প্রথম ম্যাচে ৯ ও পরের ম্যাচে ৩ উইকেট নেন তিনি। 

এরপর গেল সপ্তাহে দ্বিতীয় দফায় কাউন্টিতে খেলতে নেমে ওস্টারশায়ারের বিপক্ষে ৭ উইকেট নেন ২৬ বছর বয়সী হাসান। কাউন্টিতে প্রথমবার খেলতে নেমে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২৬ উইকেট শিকার করেছেন হাসান।