বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৭

সাউদির বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রাজাউল্লাহ

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : অভিষেক টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কায় নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদির বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন পাকিস্তানের পেসার ও লোয়ার অর্ডার ব্যাটার রাজাউল্লাহ।

বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩১২ রানে সপ্তম উইকেট পতনের পর ক্রিজে আসেন রাজাউল্লাহ। এরপর ব্যাট হাতে ইংল্যান্ডের বোলারদের সামনে দাপট দেখিয়েছেন তিনি। 

৪৩ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন অভিষেক টেস্ট খেলতে নামা রাজাউল্লাহ। পাকিস্তানের শেষ ব্যাটার হিসেবে দলীয় ৪৪৯ রানে আউট হন এই ডান-হাতি ব্যাটার। ততক্ষণ ব্যাট হাতে বিশ্ব রেকর্ড স্পর্শ করে ফেলেন রাজাউল্লাহ।

৪টি চার ও ৯টি ছক্কায় ৬৩ বলে ৮১ রানে আউট হন ২১ বছর বয়সী রাজাউল্লাহ। অভিষেক টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কায় নিউজিল্যান্ডের সাউদির পাশে নিজের নাম লিখেন তিনি। 

২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দশ নম্বরে ব্যাট হাতে নেমে ৪টি চার ও ৯টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৭৭ রান করেন ইংল্যান্ডের বর্তমান পেস বোলিং পরামর্শক সাউদি। 

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। ২০২১ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০টি চার ও ৭টি ছক্কায় ৩১০ বলে অপরাজিত ২১০ রান করেছিলেন বাঁ-হাতি ব্যাটার মায়ার্স।