শিরোনাম

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ওপেনার কনর এস্টারহুইজেনের প্রথম সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখে নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।
গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে নামিবিয়াকে। ১১০ বলে ১১৯ রানের নান্দনিক ইনিংস খেলেন এস্টারহুইজেন। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৯৯ রানে জিতেছিল প্রোটিয়া। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
উইন্ডহুকে টস হেরে ব্যাট করতে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ২০ রান করে আউট হন ওপেনার জর্ডান হারমান। আগের ম্যাচে রেকর্ড ১৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
হারমান ফেরার পর দ্বিতীয় উইকেটে ১৬৮ বলে ১৮৩ রানের জুটি গড়েন এস্টারহুইজেন ও টনি ডি জর্জি। ৬ চার ও ১ ছক্কায় জর্জি ৭৯ রানে থামলেও, ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে নেন এস্টারহুইজেন। ৮ চার ও ৬ ছক্কায় ১১০ বলে ১১৯ রানের ইনিংস খেলে থামেন তিনি।
এরপর মিডল অর্ডারে ডেওয়াল্ড ব্রেভিসের ৩০ বলে ৩৭ এবং ইথান বোশের ১৩ বলে ২৯ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৫ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার পেসার জ্যাক ব্রাসেল ৪ উইকেট নেন।
৩৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডুয়ান জানসেন ও বোশের তোপে ১ রানে ৩ উইকেট হারায় নামিবিয়া। এরপর ৫৯ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা।
শেষ পর্যন্ত অধিনায়ক জেরার্ড ইরাসমুসের হাফ-সেঞ্চুরির সাথে লোয়ার অর্ডার ব্যাটারদের ছোট-ছোট ইনিংসে ৪১.৫ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় নামিবিয়া। ইরাসমুস ৬৮, রুবিন ট্রাম্পেলম্যান ৩০ ও জান বল্ট ২৬ রান করেন।
দক্ষিণ আফ্রিকার জানসেন ৪টি ও বোশ ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন এস্টারহুইজেন।
আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে দু’দল।