শিরোনাম

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুন্যে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে শততম জয়ের স্বাদ পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে শততম জয়ের মাইলফলক স্পর্শ করেছে ১৬০ ম্যাচ খেলা গায়ানা।
আজ টুর্নামেন্টের ৩৩ ও নিজেদের নবম ম্যাচে গায়ানা ৬ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে। বল হাতে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মিরাজ।
সিপিএলে নিজের অভিষেকে আগের ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ১৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ।
গায়ানার মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ৩৮ রান তুলে ত্রিনবাগো নাইট রাইডার্স।
পঞ্চম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে জোড়া উইকেট তুলে নেন মিরাজ। ওভারের চতুর্থ বলে নাইট রাইডার্স ওপেনার কলিন মুনরোকে ২৬ রানে বিদায় করেন তিনি। পরের ডেলিভারিতে অধিনায়ক নিকোলাস পুরানকে খালি হাতে সাজঘরে ফেরত পাঠান মিরাজ।
পরবর্তীতে আরও দুই উইকেট শিকার করেন মিরাজ। জাইদ গোলিকে ৪ এবং সুনীল নারাইনকে ৭ রানে শিকার করেন তিনি। এতে ৮৪ রানে পঞ্চম উইকেট হারায় নাইট রাইডার্স।
ইনিসের ১৫ ওভরের মধ্যে মিরাজের ৪ উইকেট শিকারে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় নাইট রাইডার্সের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানের মামুলি সংগ্রহ পায় তারা। দলের হয়ে জাস্টিন গ্রেভস সর্বোচ্চ ৩৫ রান করেন।
চতুর্থ বোলার হিসেবে আক্রমণে এসে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন মিরাজ।
জবাবে ৮ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় গায়ানা। ৩৫ বলে ৪২ রানের অনবদ্য ইনিংসে গায়ানার জয়ে অবদান রাখেন শাই হোপ।
পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ১৪ বল খেলে মাত্র ২ রান করেন মিরাজ। আগের ম্যাচে ৪ বলে ১ রান করেছিলেন তিনি। বল হাতে দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচ সেরার স্বীকৃতি পান মিরাজ।
এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৮ জয় ও ১ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গায়ানা।