বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫০

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জেভরেভ ও আলকারাজ

ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ।

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জেভরেভ ৬-২, ৬-২, ৭-৬ (৭-৩) গেমে হারিয়েছেন ২১তম বাছাই ইতালির লুসিয়ানো দারদেরিকে।

কোয়ার্টার ফাইনালে উঠে অনন্য এক নজির গড়েছেন ২০২০ সালের ইউএস ওপেনের রানার্সআপ জেভরেভ। একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের সবকটিতেই কোয়ার্টার ফাইনালে উঠলেন এই জার্মান তারকা। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল, ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন ও উইম্বলডনের ফাইনাল খেলেন জেভরেভ।

ম্যাচ শেষে জেভরেভ বলেন, ‘নিজের খেলা নিয়ে আমি সন্তুষ্ট। কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে আমি খুবই খুশি। আমার মনে হয়, পুরো ম্যাচেই আমার খেলার মান ভালো ছিল। এখন আমরা লক্ষ্য পরের ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়া।’

শেষ আটে অবাছাই নেদারল্যান্ডসের বোটিক ভান দে জান্ডশুল্পের মুখোমুখি হবেন জেভরেভ।

এদিকে, পঞ্চমবারের মতো ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন আলকারাজ। শেষ ষোলোতে ২০তম বাছাই যুক্তরাষ্ট্রের টমি পলকে ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের এই তারকা।

ম্যাচ শেষে নিজের পারফরমেন্স নিয়ে আলকারাজ বলেন, ‘ইউএস ওপেনে আমার পারফরমেন্স সবসময়ই ভালো হয়। এবারও ভালো হচ্ছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছি। ২০২১ সালে ইউএস ওপেনে অভিষেকের পর ছয় আসরের মধ্যে পাঁচবারই শেষ আটে খেলেছি। আশা করছি, এই পারফরমেন্সের ধারাবাহিকতা আরও বহু দূর টেনে নিতে পারবো।’

শেষ আটে আলকারাজের প্রতিপক্ষ অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন।