বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫২

আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ভালো সুযোগ রয়েছে টাইগারদের। 

গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর টেবিলের চতুর্থ স্থানে ওঠে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট হারলেও চতুর্থ স্থান ধরে রাখে টাইগাররা। 

অন্যদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।

আসন্ন সিরিজে স্পষ্টতই ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট জিতলে ফাইনালের পথে অনেক দূর এগিয়ে যাবে টাইগাররা। 

বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল।

২২ থেকে ২৪ অক্টোবর ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল

২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। 

এরপর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।