শিরোনাম
যশোর, ৮ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দীর্ঘ ২১ বছর পর বড় বরাদ্দ পেয়েছে যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম। স্টেডিয়ামটির উন্নয়নে অর্থ মন্ত্রণালয় ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়নকাজের জন্য ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ হওয়ার কথা জানিয়ে বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে কোনো ধরনের উন্নয়নকাজ না হওয়ায় স্টেডিয়ামটি পরিত্যক্ত অবস্থায় ছিল। জেলার ক্রীড়াঙ্গনও স্থবির হয়ে পড়েছিল। এখন স্টেডিয়ামটি আধুনিক করে গড়ে তুলে যশোরের ক্রীড়াঙ্গনের অতীতের গৌরব ফিরিয়ে আনা হবে।
১৯৬৪ সালে নির্মিত যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে গ্যালারিতে বসে একসঙ্গে ১৫ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারেন। কিন্তু ২০০৫ সালের পর গত ২১ বছরে এ স্টেডিয়ামটিতে কোনো ধরনের উন্নয়নকাজ না হওয়ায় তা একরকম ভাগাড়ে পরিণত হয়। দুই দশক ধরে এখানে প্রতিযোগিতামূলক কোনো খেলাও অনুষ্ঠিত হতে পারেনি। তার ওপর ২০২২ সালের ২৪ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পলাতক প্রধামন্ত্রী শেখ হাসিনার জনসভার জন্য ভেঙে ফেলা হয় স্টেডিয়ামটি উত্তর পাশের গ্যালারি। স্টেডিয়ামটির উন্নয়নে বড় ধরনের বরাদ্দ দেওয়া হবে বলে সে সময় ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাস যেতে না যেতেই ৬২ বছরের পুরনো যশোরের এ স্টেডিয়ামটি উন্নয়নে বড় ধরনের বরাদ্দ দেওয়ায় জেলা ক্রীড়ামোদীদের মাঝে বইছে আনন্দের বন্যা। জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল বলেন, গত দুই দশক ধরেই যশোরের ক্রীড়াঙ্গনে বন্ধ্যাত্ব চলছিল। আমরা আশা করেছিলাম, অনিন্দ্য ইসলাম অমিত এমপি হলে যশোর স্টেডিয়ামের আধুনিকায়নে ব্যবস্থা নেবেন। বিএনপি সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। এতে আমরা যশোরের ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী ও খেলোয়াড়রা অত্যন্ত আনন্দিত।