বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৮

অনূর্ধ্ব-১৭ দলকে ২১৫ রানে হারিয়েছে অনূর্ধ্ব-২৩ দল

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহাম্মদ আবদুল্লাহর সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ২১৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে অনূর্ধ্ব-১৭ দলকে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এবং অনূর্ধ্ব-১৭ দলের ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার লড়াই। কারণ আগেই ফাইনাল নিশ্চিত করেছিল অনূর্ধ্ব-২৩ দল। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছিল অনূর্ধ্ব-১৭ দল।

আগামী বুধবার মিরপুরে ফাইনালে মুখোমুখি হবে অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-১৯ দল।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৪৯ রানের বড় সংগ্রহ পায় অনূর্ধ্ব-২৩ দল। দলের পক্ষে আবদুল্লাহ ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৯৩ বলে ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা মারেন আবদুল্লাহ।

এছাড়া রিজান হোসেন ৭৬ এবং অহরার আমিন পিয়ান ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলেন।

অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মাজেদুল ও ইফতেখার দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে লড়াই করতে পারেনি অনূর্ধ্ব-১৭ দল। ৪৭ দশমিক ১ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হার মানে তারা। 

জুনিয়র দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন ইমরান ভূঁইয়া।

৪১ রানে ৪ উইকেট নিয়ে অনূর্ধ্ব-২৩ দলের জয়ে বড় অবদান রাখেন স্বাধীন ইসলাম।