শিরোনাম

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মার্নাস লাবুশেনকে নিয়েই আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার সফরে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
গেল কয়েক বছর ধরে ব্যাট হাতে ছন্দে নেই লাবুশেন। সর্বশেষ ১০ ইনিংসে কোনো হাফ-সেঞ্চুরিও হাঁকাতে পারেননি তিনি। এমনকি সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০২৩ সালের জুলাইয়ে। ম্যানচেষ্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের তিন ইনিংসে যথাক্রমে- ১, ৩১ ও ৪ রান করেন লাবুশেন। তারপরও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দলে রাখা হয়েছে এই ডান-হাতি ব্যাটারকে। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ৬৫ টেস্টে ১১ সেঞ্চুরি ও ২৫ হাফ-সেঞ্চুরিতে ৪৭৩০ রান করেছেন লাবুশেন।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের দলে না থাকা তিনজনকে দক্ষিণ আফ্রিকা সফরের দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। তারা হলেন- কুপার কনোলি, মাইকেল নেসার ও ম্যাথিউ কুনেমান।
দেশের জার্সিতে ১ টেস্ট, ১২ ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কনোলি। ২০২৫ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ব্যাটিং অলরাউন্ডার কনোলির।
২০২১ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ৫ টেস্ট খেলে ২২ উইকেট ও ১৩১ রান করেছেন বোলিং অলরাউন্ডার নেসার।
দেড় বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন কুনেমান। ২০২৩ সালে অভিষেকের পর ৫ টেস্টে ২৫ উইকেট নিয়েছেন তিনি।
এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। ২৪ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে অসিরা। এরপর ৯ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।
অস্ট্রেলিয়া টেস্ট দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বাউ ওয়েবস্টার।