শিরোনাম

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): লামিনে ইয়ামালের জোড়া গোলে স্প্যানিশ ফুটবল লিগে টানা চতুর্থ জয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
গতরাতে লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। ইয়ামাল ছাড়াও গোল করেছেন রাফিনহা, পেদ্রি ও ফারমিন লোপেজ।
৪ ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন বার্সা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে আলাভেস। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভ্যালেন্সিয়া।
ভ্যালেন্সিয়ার মাঠে ষষ্ঠ মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। লোপেজের বাড়ানো বল থেকে গোল করেন ইয়ামাল।
দুই মিনিট পর আবারও গোল করেন ইয়ামাল। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
২২ মিনিটে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লোপেজ। অ্যান্থনি গর্ডনের পাস থেকে বল পেয়ে ডি-বক্স থেকে আড়াআড়ি শটে বল জালে জড়ান লোপেজ।
তিন মিনিট পর ভ্যালেন্সিয়াকে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেন গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি। ইয়ামালের জোরালো শট ঝাঁপ দিয়ে প্রতিহত করেন দিমিত্রিয়েভস্কি।
৩৯ মিনিটে আবারও গোলের ভালো সুযোগ পেয়েছিল বার্সেলোনা। লোপেজের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ইয়ামাল। কিন্তু তার শটটি জাল খুঁজে পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল দখলে নিয়ে তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। লোপেজের বাড়ানো বল গোলে পরিণত করেন বার্সেলোনা অধিনায়ক রাফিনহা।
ম্যাচে চতুর্থ গোল পেতে ৭৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে। দানি ওলমোর পাস থেকে জোরালো শটে বল জালে পাঠান বার্সার সহ-অধিনায়ক পেদ্রি।
৮৪ মিনিটে দ্বিতীয়বারের মত গোলের তালিকায় নাম লেখান ইয়ামাল। দানি ওলমোর সহায়তায় দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে পঞ্চম গোল করেন ইয়ামাল। ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।