শিরোনাম

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচ হেরে গেছে বাংলাদেশ।
আজ পুল ‘বি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ।
চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দলই।
দ্বিতীয় কোয়ার্টারে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে মালয়েশিয়া। ২১ মিনিটে গুনসীলান ধীরেশ ও ২৩ মিনিটে শেলস্টন সিলভেরিয়াস গোল দুটি করেন।
দুই গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশ। ২৪ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। ৩৩ মিনিটে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান মাহাদি হাসান।
কিন্তু চতুর্থ কোয়ার্টারে জোড়া গোল হজম করে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে ম্যাচের ৪৮ ও ৫১ মিনিটে দুই গোল করেন সুজাইনি ফাহমি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল মালয়েশিয়া।
আগামী ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচ খেলে এখনও পয়েন্টের দেখা পায়নি কাজাখস্তান।
এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ।