বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩১

মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : লিওনেল মেসির চার গোলে পাঁচ ম্যাচ পর জয়খরা কাটিয়েছে ইন্টার মায়ামি। 
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফ্লোরিডায় আজ বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি ৭-১ গোলে হারিয়েছে মন্ট্রিয়েলকে। ম্যাচে চার গোল করেছেন মায়ামির অধিনায়ক ৩৯ বছর বয়সি মেসি।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় ছিল না মায়ামির। চার ম্যাচে হার ও ১টি ড্র করেছিল তারা। 

ম্যাচের ২০ মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। কর্নার থেকে হেডে বল জালে পাঠান ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো। মায়ামির জার্সিতে এটি প্রথম গোল কাসেমিরোর।

৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে ফাবিয়ান হারবার্স গোল করলে  ম্যাচে  ১-১ সমতা ফেরায় মন্ট্রিয়েল। 

৪০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ২-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে মায়ামি। 

৫২ মিনিটে মন্ট্রিয়েলের বক্সের ভেতর তিনজনকে কাটিয়ে মেসি গোল করলে ৩-১  ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। 
৮০ মিনিটে মায়ামিকে চতুর্থ গোল এনে দেন লুইস সুয়ারেজ। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো পাস থেকে গোল করেন তিনি। 

৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। মাঝমাঠ থেকে ডি পলের অ্যাসিস্টে বল পেয়ে মন্ট্রিয়েলের গোলরক্ষককের মাথার উপর দিয়ে চিপ শটে গোল করেন তিনি। 

৮৯ মিনিটে মায়ামিকে ষষ্ঠ গোল এনে দেন বদলি খেলোয়াড় অ্যালেক্স শ। বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন তিনি। 

মায়ামির গোল উৎসবের রাতে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক থেকে বাঁ-পায়ের বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান মেসি। ৭-১ গোল জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। 

ফুটবল ক্যারিয়ারে এই নিয়ে নবমবার এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন মেসি। এর আগে সর্বশেষ ২০২০ সালে লা লিগায় বার্সেলোনার জার্সিতে এইবারের বিপক্ষে ম্যাচে চার গোল করেছিলেন মেসি।

এ ম্যাচ শেষে ১৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে উঠলেন মেসি। 

এই জয়ে ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।