বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ১৬:০৯

সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ এইচপি একাদশ

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ ভিক্টোরিয়া সিএ একাদশের কাছে মাত্র ১ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি একাদশ।

ডারউইনের গার্ডেন্স ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি একাদশ। ওপেনার জিশান ইসলামের মারমুখী ব্যাটিংয়ে ১৬ বলে ২৬ রানের সূচনা পায় বাংলাদেশ। জুটিতে মাত্র ৩ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার হাবিবুর রহমান সোহান।

এরপর আরিফুল ইসলাম ও জিশানের দৃঢ়তায় পাওয়ার প্লেতে ৫৬ সংগ্রহ করে বাংলাদেশ। জিশান ২০ বলে ৩০ এবং আরিফুল ১০ বলে ১৯ রানে আউট হন। দুজনই সমান ৩টি চার ও ১টি ছক্কা মারেন।

পাওয়ার প্লে শেষে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। মিডল অর্ডারে চার ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেনি। ফলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়।

লোয়ার অর্ডারে আব্দুল গাফফার সাকলাইনের ১০, আবু হায়দারের ১২ এবং রিপন মন্ডলের ৬ রানের সুবাদে কোন মতে ১শ রান স্পর্শ করে বাংলাদেশ। ১৭ দশমিক ১ ওভারে ১০১ রানে অলআউট হয় তারা। ভিক্টোরিয়ার উইল সাদারল্যান্ড ২৭ রানে ৪ উইকেট শিকার করেন।   

জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় ভিক্টোরিয়া। ওপেনার হ্যারি ডিক্সনকে শূন্যতে বোল্ড করেন বাংলাদেশ স্পিনার মোহাম্মদ রুবেল।

এরপর ছোট-ছোট জুটিতে ১২ ওভারে ৪ উইকেটে ৮১ রান তুলে জয়ের পথ সহজ করে ফেলে ভিক্টোরিয়া। তবে ১৩তম ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান রুবেল।

এরপর ৮৮ রানে সপ্তম এবং ৯৯ রানে ভিক্টোরিয়া অষ্টম উইকেট হারালে ম্যাচে উত্তেজনা সৃষ্টি হয়।

বাংলাদেশের সমান ১০১ রানে পৌঁছে শামীম হোসেনের করা শেষ ওভারের প্রথম বলে নবম উইকেট হারায় ভিক্টোরিয়া। এতে ১ উইকেট হাতে নিয়ে শেষ ৫ বলে ১ রান দরকার পড়ে ভিক্টোরিয়ার। ওভারের চতুর্থ বলে ৪ মেরে জয়ের বন্দরে পৌঁছে ভিক্টোরিয়া। দলের হয়ে ক্যাম্পবেল কিলাওয়ে ২৩ ও লিয়াম ব্ল্যাকফোর্ড ১৯ রান করেন।

বাংলাদেশের রুবেল ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। এবারের আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ২৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন তিনি। এছাড়া সেমিফাইনালে বাংলাদেশের হয়ে শামীম ২টি, আবু হায়দার-রিপন মন্ডল ও রাকিবুল হাসান ১টি করে উইকেট শিকার করেন।

একই দিন টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৫ উইকেটে হারায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।

এরপর ফাইনালে ভিক্টোরিয়াকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাডিলেড।