শিরোনাম

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস): ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
গতরাতে ডেওয়াল্ড ব্রেভিসের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। স্বাগতিক নামিবিয়ার কাছে সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে হেরেছিল প্রোটিয়ারা।
উইন্ডহুকে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১ বলে ৪৫ রানের সূচনা করে জিম্বাবুয়ে। জুটিতে ১২ বলে ২৪ রান অবদান রেখে আউট হন বেন কারান।
দ্বিতীয় উইকেটে ডিওন মায়ার্সকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন আরেক ওপেনার ব্রায়ান বেনেট। দলীয় ৮০ রানের মধ্যে সাজঘরে ফেরেন বেনেট ও মায়ার্স। বেনেট ৩৪ এবং মায়ার্স ১৭ রানে ফিরেন।
এরপর মিডল অর্ডারে তিন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে, বড় সংগ্রহের পথ হারায় জিম্বাবুয়ে। শেষ দিকে তাদিওয়ানশে মারুমানির ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩০ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রানের লড়াকু সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকার ডুয়ান জানসেন ৪৫ রানে ৩ উইকেট নেন।
জবাবে ৬১ রানে দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। সমান ১৩ বল করে খেলে লুহান ড্রি-প্রিটোরিয়াস ২২ এবং জর্ডান হারমান ২০ রান করেন।
তৃতীয় উইকেটে টনি ডি জর্জিকে নিয়ে ৩১ বলে ৪৬ এবং চতুর্থ উইকেটে রুবিন হারমানের সাথে ১৬ বলে অবিচ্ছিন্ন ৩৯ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ব্রেভিস।
জর্জি ১৫ রানে আউট হলে, ব্রেভিসের সাথে ১১ রানে অপরাজিত থাকেন রুবিন।
মাত্র ২৪ বলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন ব্রেভিস। ৭ চার ও ৬ ছক্কায় ২৩৪ স্ট্রাইক রেটে ৩২ বলে অপরাজিত ৭৫ রান করে ম্যাচ সেরা হন ব্রেভিস।
জিম্বাবুয়ের তিন বোলার ১টি করে উইকেট নেন।