বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ১৯:৪৬

ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিলেন মার্তিনেজ 

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

মার্তিনেজকে দলে নেওয়ার খবর আজ নিশ্চিত করেছে চেলসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবের জার্সিতে মার্তিনেজের ছবি পোস্ট করে লন্ডনের ক্লাবটি ক্যাপশনে লিখেছে, ‘এমিলিয়ানো একজন ব্লু।’

৩৩ বছর বয়সি মার্তিনেজের সাথে চুক্তির বিষয়ে কিছুই প্রকাশ করেনি চেলসি। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ৭৫ লাখ পাউন্ডে তিন বছরের চুক্তিতে মার্তিনেজকে দলে নিয়েছে চেলসি।

২০২০ সালে সাড়ে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। এরপর থেকে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। গত মৌসুমে ভিলার ইউরোপা লিগ জয়ে বড় ভূমিকা রাখেন মার্তিনেজ। ভিলার হয়ে ২৫৬টি ম্যাচ খেলেন তিনি। 

চেলসিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত মার্তিনেজ। তিনি বলেন, ‘এই ক্লাবে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। চেলসিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা আমার এবং আমার পরিবারের জন্য খুব সহজ ছিল। মাঠে নামার জন্য তর সইছে না।’

চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া মার্তিনেজ। তিনি বলেন, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন যে যা-ই করি না কেন, কিন্তু জিততে চাই। জয়ের মানসিকতা নিয়েই এই ক্লাবে এসেছি। কারণ, চেলসি ট্রফি জেতার মতো ক্লাব।’

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনেজ। ফাইনালসহ বেশ কিছু ম্যাচে টাইব্রেকারে প্রতিপক্ষ খেলোয়াড়ের শট রুখ দিয়েছেন তিনি। সর্বশেষ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। ফাইনালের স্পেনের কাছে হারলেও শিরোপা নির্ধারণী ম্যাচে গোলপোস্টে মার্তিনেজের পারফরমেন্স ছিল দুর্দান্ত।

এছাড়া আর্জেন্টিনার হয়ে পরপর দুটি কোপা আমেরিকা জিতেছেন মার্তিনেজ।