বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ২০:১৪

জিডি ট্রফিতে অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে দ্বিতীয় জয় অনূর্ধ্ব-১৯ দলের

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ‘গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি’র এক রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল।

অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রবিউল হাসানের হাফ-সেঞ্চুরিতে ৪৮ দশমিক ৪ ওভারে ২২৬ রান করে অনূর্ধ্ব-১৯ দল।

১৯ রান করেন আগের ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুর্দান্ত ৯৯ রান করা জারিফ সিয়াম। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মুহিব ৪০ রানের ইনিংস খেলেন।  

রবিউলের ৬৫ রানের সুবাদে ২শ রানের গণ্ডি পেরোতে পারে অনূর্ধ্ব-১৯ দল। 

বোলিংয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে শেখ পারভেজ জীবন ৩৮ রানে ৩টি উইকেট নেন। এছাড়া আজিজুল হাকিম তামিম ও অহরার আমিন দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ৪৯ দশমিক ৩ ওভারে ২২২ রানে অলআউট হয় অনূর্ধ্ব-২৩ দল। দলের পক্ষে রিজান হোসেন সর্বোচ্চ ৪৪ এবং ওপেনার খালিদ হাসান ৩৪ রান করেন।

৫২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে অনূর্ধ্ব-১৯ দলের জয়ের নায়ক পেসার আব্দুর রহিম। দুটি করে উইকেট নেন আল রাফি ও তাফিউল আলম তামিম।
 
এছাড়া, একটি করে উইকেট নেন এস কে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক।