বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ১৯:৫৩
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৯:৫৬

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে কাল ভিক্টোরিয়ার মুখোমুখি বাংলাদেশ এইচপি

ছবি: সংগৃহীত

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম সেমিফাইনালে কাল ভিক্টোরিয়া সিএ একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ হাই পারফরমেন্স(এইচপি) একাদশ। ডারউইনের গার্ডেন্স ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে।

একই দিন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অপর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

দ্বিতীয় সেমিফাইনালে লড়বে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ও নিউজিল্যান্ড ‘এ’। ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

দুই সেমিফাইনাল শেষে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ফাইনাল ম্যাচ শুরু হবে। 

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল- অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, বাংলাদেশ এইচপি, ভিক্টোরিয়া সিএ একাদশ এবং নিউজিল্যান্ড ‘এ’ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। 

লিগ পর্বে ৬ ম্যাচ করে খেলে সমান ১০ করে পয়েন্ট অর্জন করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স, বাংলাদেশ এইচপি এবং ভিক্টোরিয়া। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ আছে অ্যাডিলেড। 

এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে- বাংলাদেশ এইচপি এবং ভিক্টোরিয়া। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড ‘এ’ দল। 

টুর্নামেন্টের নিয়মনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল প্রথম সেমিফাইনালে এবং শীর্ষ ও চতুর্থ স্থানে থাকা দল দ্বিতীয় সেমিফাইনালে খেলবে। 

এবারের আসরে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ এইচপির খেলোয়াড়রা। বিশেষভাবে অফ-স্পিনার মোহাম্মদ রুবেল। ৬ ম্যাচে ২৪ ওভার বল করে ১৪৮ রানে এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন। ইনিংসে একবার পাঁচ ও দুই বার চার উইকেট নেন তিনি। 

ব্যাটারদের মধ্যে বাংলাদেশের হয়ে ৬ ম্যাচে ২ হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ২০০ রান করেছেন আরিফুল ইসলাম। টুর্নামেন্টে সর্বোচ্চ রানের তালিকায় এ পর্যন্ত চতুর্থ স্থানে আছেন তিনি। এছাড়া বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৯ রান করেছেন সাব্বির রহমান। ২টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনিও।