বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ১৮:০৬

দ্বিতীয়বারের মত দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস): টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয়বারের মত দক্ষিণ আফ্রিকাকে হারালো নামিবিয়া ক্রিকেট দল। 

গতরাতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামিবিয়া ১৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে টি-টোয়েন্টি সিরিজের একমাত্র ম্যাচে ঘরের মাঠ উইন্ডহুকে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছিল নামিবিয়া। এই নিয়ে দু’বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে শতভাগ জয়ের স্বাদ নিল আইসিসির সহযোগী দেশ নামিবিয়া। 

উইন্ডহুকে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৮ বলে ৮৪ রানের সূচনা করেন নামিবিয়ার দুই ওপেনার লরেন স্টিনক্যাম্প ও জান ফ্রাইলিঙ্ক। জুটিতে ২৯ বলে ৪১ রান তুলে প্রথম ব্যাটার হিসেবে আউট হন স্টিনক্যাম্প। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা ছিল।  

তবে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন ফ্রাইলিঙ্ক। ৩৮ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। 

দলীয় ১১৬ রানে ফ্রাইলিঙ্ক ফেরার পর দলের হয়ে আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে পারেনি। তারপরও ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ পায় নামিবিয়া। 

পরের দিকে নামিবিয়ার হয়ে অধিনায়ক জেরার্ড ইরাসমুস ১৯, আলেকজান্ডার বুসিং-ভোলশেঙ্ক অপরাজিত ১৩ ও রুবেন ট্রাম্পেলম্যান ১২ রান করেন।

বল হাতে দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েন ৩২ রানে ৩ উইকেট নেন। এছাড়া অভিষিক্ত ডুয়ান জানসেন এবং ভারপ্রাপ্ত অধিনায়ক বিয়ন ফোরটান ২টি করে উইকেট নেন।

জবাবে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। শুরুর ধাক্কা পরবর্তীতে আর সামলে উঠতে পারেনি প্রোটিয়ারা। এতে ৮৬ রানে ৫ উইকেট হারায় তারা। 

এক প্রান্তে আগলে নামিবিয়ার বোলারদের সামনে লড়াই করেছেন ডেওয়াল্ড ব্রেভিস। তবে ১৮তম ওভারে দলীয় ১৩৩ রানে ব্রেভিস ফেরার পর দক্ষিণ আফ্রিকার জয়ের আশা শেষ হয়ে যায়। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানের বেশি করতে পারেনি তারা। ৪ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে ৫০ বলে ৭৫ রান করেন ব্রেভিস। 

নামিবিয়ার রুবেন ট্রাম্পেলমান ও জেজে স্মিট ৩টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন স্মিথ।