শিরোনাম

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : চলতি শতাব্দীতে টেস্টের এক ইনিংসে ওভারে এক রানেরও কম ইকোনমি রেটে রেকর্ড বইয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড পেসার ওলি রবিনসন।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে ৩৭.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বল হাতে পাকিস্তানকে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন ইংল্যান্ডের রবিনসন। ১৩ ওভার বল করে মেডেন ও ১১ রানে ৪ উইকেট নেন তিনি। ইকোনমি রেট ছিল ০.৮৪। এমন ইকোনমি রেটে রেকর্ড বইয়ে নাম তুলেন রবিনসন। চলতি শতাব্দীতে টেস্টে ১০ বা তার বেশি ওভার বল করে এক রানের কম ইকোনমি রেটে সেরা বোলিং ফিগারে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন রবিনসন।
এই তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেস। ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে কিংস্টনে ১৫.৫ ওভার করে ১০ মেডেনে মাত্র ৫ রান দিয়ে ০.৩১ ইকোনমি রেটে ৪ উইকেট শিকার করেন এই ডান-হাতি পেসার।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ড পেসার জ্যাকব ওরাম। ২০০৮ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভার বল করে ১৪টি মেডেনে ১৪ রান দিয়েও উইকেটের দেখা পাননি ওরাম। ঐ ইনিংসে তার ইকোনমি রেট ছিল ০.৭১।
ওরামের পর তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল। ২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১১ ওভারে ৬ মেডেনে ৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তার ইকোনমি রেট ছিল ০.৮১।