শিরোনাম

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস): গোড়ালির চোটের কারণে কার্লোস বালেবা প্রায় তিন সপ্তাহ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে পারবেন না। এই তথ্য নিশ্চিত করেছে ইউনাইটেড বস মাইকেল ক্যারিক। তবে ক্যামেরুনের এই মিডফিল্ডারের বিশাল সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত ইউনাইটেড কোচ।
ব্রাইটন থেকে ৭ কোটি পাউন্ডে বালেবাকে দলে ভেড়ানোর মাধ্যমে ক্যারিকের মিডফিল্ডের বিকল্প আরও শক্তিশালী হয়েছে। এর আগে আন্দ্রে সান্তোস ও ইউরি টিলেমান্সও দলে যোগ দিয়েছেন।
তবে অক্টোবরের আগে বালেবাকে মাঠে দেখা নাও যেতে পারে। আগামী মাসে তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতি শুরু হওয়ার আগে মাঠে ফেরার জন্য তাকে সময়ের সঙ্গে লড়াই করতে হবে।
রোববার ইপসউইচের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্যারিক বলেন, “তার গোড়ালিতে সামান্য সমস্যা রয়েছে। তাই হয়তো কয়েক সপ্তাহ, সম্ভবত তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে। আমরা দেখব। তবে বিষয়টি আমরা আগেই জানতাম, তাই বড় কোনো সমস্যা নয়। যত দুত সম্ভব তাকে ফিরে পেলে দারুণ হবে।”
“কার্লোসকে পেয়ে আমরা আনন্দিত। আমার মনে হয় তার বিশাল, সত্যিই বিশাল সম্ভাবনা রয়েছে। সে আমাদের জন্য খুবই রোমাঞ্চকর একটি সাইনিং।
“তার যে মান এবং গুণাবলি রয়েছে, তা আমাদের দলের ভারসাম্যে কিছুটা ভিন্ন মাত্রা যোগ করবে। ভিন্ন শক্তি, ভিন্ন সমন্বয়, এসবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
অন্তর্বর্তীকালীন দায়িত্বে থেকে গত মৌসুমে রেড ডেভিলসদের প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে তুলে দেওয়ার পর স্থায়ীভাবে ইউনাইটেডের কোচের দায়িত্ব পান ক্যারিক।
তবে নতুন মৌসুমের শুরুটা ক্যারিকের জন্য হয়েছে সবচেয়ে বাজেভাবে। গত সপ্তাহে সদ্য প্রিমিয়ার লিগে উঠে আসা হাল সিটির কাছে ২-০ গোলে হেরে যায় ইউনাইটেড।
বিশ্বকাপের শেষ দিকে খেলার কারণে প্রাক-মৌসুমের বেশিরভাগ সময় অনুপস্থিত থাকা মার্কাস রাশফোর্ড, কোবি মাইনু ও লিসান্দ্রো মার্তিনেজ ওই ম্যাচে বদলি বেঞ্চে ছিলেন।
ক্যারিক নিশ্চিত করেছেন, তিনজনই আবার মূল একাদশে ফিরতে পারেন। তবে চোটের কারণে আমাড দিয়ালো আরও একবার মাঠের বাইরে থাকবেন।