বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ১৬:৩১

দ্বিতীয় বিভাগের ক্লাব লেগানেসে যোগ দিলেন মোরাতা

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস): অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতা ইতালিয়ান ক্লাব কোমো থেকে ধারে স্পেনের দ্বিতীয় বিভাগের দল লেগানেসে যোগ দিয়েছেন।

৩৩ বছর বয়সী এই তারকা ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনকে শিরোপা জেতানোর সময় দলটির অধিনায়ক ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, চেলসি ও এসি মিলানের হয়ে খেলেছেন।

গত মৌসুমে সিরি-আ’তে কোমোর হয়ে ২৬ ম্যাচ খেলেন মোরাতা। ওই মৌসুমে কোমো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে মোরাতা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

লেগানেস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মৌসুম শেষে মোরাতাকে স্থায়ীভাবে দলে নেওয়ার জন্য তাদের কাছে কেনার সুযোগ থাকবে।

গত মৌসুমে দ্বিতীয় বিভাগের লিগে ১৬তম স্থানে থেকে শেষ করেছিল লেগানেস। ক্লাবটির মালিকানা রয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্লু ক্রো-র হাতে। প্রতিষ্ঠানটি ফ্রান্সের ক্লাব লে হাভরেরও মালিক।