বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৭:০৫

জাপানের গোলরক্ষক সুজুকিকে দলে ভেড়াল অ্যাস্টন ভিলা

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জাপানের গোলরক্ষক জিওন সুজুকিকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাস্টন ভিলা। বুধবার ক্লাবটি এ তথ্য জানায়। তার আগমনে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি থেকে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিদায় আরও ত্বরান্বিত হতে পারে।

এ বছর বিশ্বকাপে জাপানের হয়ে খেলা সুজুকি স্থায়ী চুক্তিতে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন। তার দলবদলের জন্য প্রায় ৩ কোটি ৫০ লাখ ইউরো খরচ হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সুজুকি ১৮ বছর বয়সে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন।

এরপর বেলজিয়ামের ক্লাব সিন্ট-ট্রুইডেনের হয়ে অল্প কিছুদিন খেলার পর গত দুই মৌসুম ইতালিয়ান সিরি-আ ক্লাব পার্মায় কাটিয়েছেন। ২৩ বছর বয়সী সুজুকিই প্রিমিয়ার লিগে খেলা প্রথম জাপানি গোলরক্ষক হতে যাচ্ছেন।

২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এবং এ বছরের বিশ্বকাপের ফাইনাল খেলা মার্টিনেজকে ইতালির কয়েকটি ক্লাব দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে।