শিরোনাম

ঢাকা, ১৯ আগস্ট ২০২৬ (বাসস) : একের পর এক চোটের কারণে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস মিডফিল্ডার পল পগবাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোনাকো। বুধবার ফরাসি ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে।
৩৩ বছর বয়সী পগবা ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। তবে ডোপিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটানোর পর থেকে তিনি আর শীর্ষ পর্যায়ের ফুটবলে ফিরতে পারেননি।
এক বিবৃতিতে মোনাকো জানায়, পগবাকে ঘিরে তাদের নির্ধারিত লক্ষ্যগুলো শুধুমাত্র আংশিকভাবে পূরণ হয়েছে। ফলে ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকা এই ফরাসি ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাঁটুর সমস্যা কাটিয়ে মাঠে ফেরার পরপরই বর্তমানে উরুর চোটে মাঠের বাইরে রয়েছেন পগবা।
মোনাকো পগবার অসাধারণ মানসিকতা, দৃঢ় সংকল্প এবং উচ্চমান বজায় রাখার অটুট মানসিকতার প্রশংসা করেছে। ক্লাবটি বলেছে, চোটে থাকার সময়ও অন্য খেলোয়াড়দের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নিয়ে মোনাকোর স্কোয়াডে ইতিবাচক প্রভাব রেখেছেন তিনি।
একই বিবৃতিতে পগবা স্বীকার করেছেন, মোনাকোর হয়ে তিনি যতগুলো ম্যাচ খেলতে চেয়েছিলেন, ততগুলো খেলতে পারেননি। গত মৌসুমে লিগ ওয়ানে তিনি মাত্র ছয়টি ম্যাচে খেলেছেন, সব মিলিয়ে মাঠে ছিলেন ১১৫ মিনিট। পগবা মোনাকোর সভাপতি, ম্যানেজমেন্ট, সতীর্থ, স্টাফ এবং সকল সমর্থককে ধন্যবাদ জানিয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ২৩৩ ম্যাচ খেলেছেন পগবা। জুভেন্টাসে থাকাকালে তিনি সিরি-আ’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং ক্লাবটির হয়ে চারবার ইতালিয়ান লিগ শিরোপা জেতেন। ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপজয়ী ফ্রান্স দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
তবে ২০২৩ সালে জুভেন্টাসের হয়ে খেলার সময় পগবার শরীরে টেস্টোস্টেরনের উপস্থিতি ধরা পড়ে। যুক্তরাষ্ট্রের এক চিকিৎসকের দেওয়া খাদ্য-পরিপূরকের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে ওই নিষিদ্ধ পদার্থ শরীরে প্রবেশ করেছিল বলে পগবা দাবি করলেও তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
পরবর্তীতে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করার পর তার নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ১৮ মাস করা হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর মোনাকোয় যোগ দিয়েছিলেন পগবা।