বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ২২:০০

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারীদের বিভাগে সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ। তার সাথে সেরার দৌড়ে ছিলেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ও শ্রীলংকার হার্শিতা সামারাবিক্রমা। গত মাসে দুই টেস্ট খেলে ২১৫ রান করার পাশাপাশি ৮ উইকেট নেন গ্রেভস। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩২৫ বলে ১৮০ রানের ইনিংসে ম্যাচ সেরা হন তিনি। 

এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে অবিশ্বাস্য এক স্পেল টানা ৫ ওভারে কোনো রান না দিয়ে ৫ উইকেট শিকার করেন গ্রেভস। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে দলের ৯০ রানের জয়ে অবদান রাখেন তিনি। এ ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছিলেন গ্রেভস।  

গেল মাসে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সমান দু’টি করে হাফ-সেঞ্চুরিতে যথাক্রমে- ১৫৯ এবং ১৪০ রান করেন বাংলাদেশের তানজিদ। দুই সংস্করণের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ২৫ বছর বয়সী তানজিদ। 

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে ৪ ইনিংসে ২১৪.০১ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ২২৯ রান করে সেরা খেলোয়াড় হন ব্রুক।