শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।
১৯৯৬ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ফরম্যাটে সিরিজ না হারার রেকর্ড অব্যাহত রাখতে চায় ইংল্যান্ড।
লিডসে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
১৯৯৬ সালে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এরপর ইংল্যান্ড সফরে ছয়বার টেস্ট সিরিজ খেলে তারা। এরমধ্যে সমান তিনটি করে সিরিজে জয় ও হারের স্বাদ পায় পাকিস্তান।
দীর্ঘদিন ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে হাতের নিচের অংশে চোট পান দলের অধিনায়ক বাবর আজম। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সালমান আগা।
বাবরের ছিটকে যাবার বিষয়ে পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ বলেন, ‘হাতের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে পারেননি বাবর। খেলার মত ফিট নন তিনি। তাই বাবরকে ছাড়াই আমাদের মাঠে নামতে হবে। বাবরের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সালমান। একাদশে কে খেলবে সেটি এখনও চূড়ান্ত হয়নি।’
বাবরের জায়গা খেলার সুযোগ পেতে পারেন সৌদ শাকিল বা আওয়াইজ জাফর। ইংল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন শাকিল। ঐ ম্যাচে ২৬২ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে স্পর্শ করে জয় পায় ইংল্যান্ড।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব শুরু করবেন জো রুট। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রুট।
ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ৬৫ টেস্টে অধিনায়কত্ব করেছেন রুট। প্রথম মেয়াদে তার অধীনে সমান ২৭টি করে ম্যাচে জয় ও হার এবং ১১টিতে ড্র করেছে ইংল্যান্ড।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ইংল্যান্ড টেস্টে দলে ফিরেছেন ওলি পোপ-ব্রাইডন কার্স ও ড্যান লরেন্স। গেল বছরের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেন পোপ। বাজে ফর্মের কারণে গত অ্যাশেজের তৃতীয় টেস্টের পর দল থেকে বাদ পড়েন তিনি।
গত অ্যাশেজে সর্বশেষ টেস্ট খেলেছেন পেস বোলিং অলরাউন্ডার কার্স। কনুই ও কব্জির চোটে অ্যাশেজের পর থেকে দলের বাইরে ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর আবারও ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছেন লরেন্স।
এখন পর্যন্ত টেস্টে ৯২ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। এরমধ্যে পাকিস্তান ২৩ ম্যাচে এবং ইংল্যান্ড ৩০ ম্যাচে জিতেছে। বাকী ৩৯ ম্যাচ ড্র হয়।
ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, ওলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ, জশ টাং।
পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ ফজল, আলি উসমান, আজান আওয়াইস, ইমাম-উল-হাক, খুররাম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মদ আলি, মোহাম্মাদ রিজওয়ান, আওয়াইস জাফর, মুহাম্মদ গাজি ঘোরি, সাজিদ খান, শান মাসুদ, উবাইদ শাহ ও সৌদ শাকিল।